আটক ২ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে মান্দায় মাইকিং
নওগাঁ সংবাদদাতা
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচার চালানো হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে একটি অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে এ প্রচার চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচার চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম জানান এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে আদাব ও শুভেচ্ছা জানান। এরপর প্রচারে দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এসময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে প্রচার শেষ করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, ‘খুনি হাসিনাকে দেশে ফেরাতে দিনের বেলায় জনবহুল এলাকায় এভাবে প্রকাশ্যে মাইকিং করা হলো। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের পুলিশরা বড় বড় চেয়ারে বহাল তবিয়তে থাকায় আজকের এই সাহস দেখিয়েছে পতিত আওয়ামী লীগ। এর দায় মান্দার ওসি এড়াতে পারেন না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে মান্দায় ওসি তার চেয়ারে থাকার যোগ্যতা হারাবেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘মাইকিংয়ের সময় অটোরিকশায় বসে থাকা ১৪ বছর বয়সী এক শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনার মূলহোতা আওয়ামী লীগ নেতা টিপুকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।’
