বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) জরুরি কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ষষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলার তারিখ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন দিনব্যাপী লাইভস্টক-পোল্ট্রি মেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অ্যাওয়ার্ড ও সেমিনার আয়োজন করা হবে ১৬ জানুয়ারি। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর পদ্মার বাঁধের জেলখানার উত্তরে সীমান্ত অবকাশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার। সভায় সংগঠনের কার্যনির্বাহী ও আজীবন সদস্যরা অংশ নেন।
সভায় ষষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা আয়োজনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের বাজেট নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় আলোচ্যসূচি নিয়ে মতামত গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। বাজেট বিষয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ মো. এনামুল হক। মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন ভেন্যু ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল আলম মাসুদ। সভায় আরও উপস্থিত ছিলেন মো. জাহিদ, ইউনুস আলী, কাদেমুল ইসলাম, কাজল, মমিনুল ইসলাম, খলিলুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
