বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনের মাথায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম লিমা আক্তার (২০)। তার স্বামীর নাম একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগম (৫০)। মৃত লিমার স্বজনদের অভিযোগ, বিয়ের সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে লিমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে স্বামী একরামুলের দাবি, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, লিমা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। গত ১৫ অক্টোবর এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে নালিতাবাড়ী উপজেলার গোপালপুর গ্রামের একরামুলের সঙ্গে তার বিয়ে হয়।  গত রবিবার স্বামীর সঙ্গে বাবার বাড়ি বেড়াতে যান এবং মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে মনোমালিন্য হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট