চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১২ কেজি গান পাউডার ও ৯২ ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫, সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গানপাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়। তিনি জানান, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা আলামতগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।
