চীনা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নজরদারি করছে ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের উন্নত গোয়েন্দা সক্ষমতা। প্রযুক্তিগতভাবে পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে থাকলেও সামরিক নজরদারিতে কৌশলগতভাবে বড় অগ্রগতি দেখিয়েছে দেশটি—এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক এক অনুসন্ধানী প্রতিবেদন। আন্তর্জাতিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইরান গোপনে একটি চীনা নির্মিত স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার ওপর নজরদারি চালিয়েছে। স্যাটেলাইটটির নাম টিইই-০১বি, যা চীনা প্রতিষ্ঠান আর্থ আই কোম্পানি তৈরি ও উৎক্ষেপণ করে। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর “ইন-অরবিট ডেলিভারি” নামের বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে কক্ষপথে পৌঁছানোর পর ইরানের নিয়ন্ত্রণে আসে এবং পরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এরোস্পেস ইউনিট এটি পরিচালনা শুরু করে। এই পদ্ধতিতে উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বিদেশি ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ওপর নিয়মিত নজরদারি চালিয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস, জর্ডানের মুওয়াফফাক বিমানঘাঁটি, বাহরাইনের মার্কিন নৌঘাঁটি এলাকা, ইরাকের ইরবিল বিমানবন্দর, কুয়েতের একাধিক বিমানঘাঁটি, জিবুতির ক্যাম্প লেমনিয়ের এবং ওমানের ডুকম আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান বন্দর, বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্র এবং বাহরাইনের একটি বড় অ্যালুমিনিয়াম কারখানার মতো বেসামরিক হলেও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাও পর্যবেক্ষণে ছিল বলে দাবি করা হয়েছে। সূত্র: ইনকিলাব
