বগুড়ায় যাচ্ছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বগুড়ায় যাচ্ছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দুই দিনের ব্যবধানে বগুড়ায় যাচ্ছেন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। সরকারি নানা কর্মসূচি, উন্নয়ন কার্যক্রম এবং বৈশাখী আয়োজনকে ঘিরে তাদের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সোমবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১৪ এপ্রিল) নির্ধারিত সফরসূচি অনুযায়ী বগুড়ায় আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় বগুড়ায় পৌঁছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন। তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা ঘুরে দেখবেন এবং এটি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পুনরুজ্জীবিত করার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

অন্যদিকে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় কৃষকদের মাঝে ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

এদিন বিকেল ৩টায় শহরের ‘হোটেল মম ইন’-এ জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়া থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল ৮টায় বগুড়া পৌর পার্কে বৈশাখী মেলার উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই দিনে তিনি শিবগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে নববর্ষ উদযাপনেও অংশ নেবেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এই সফরকে ঘিরে বগুড়ায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *