নগরীতে জুয়েলারি দোকানে চুরির  ঘটনায় আরো ৫ ভরি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ইতোপূর্বে চুরির সঙ্গে জড়িত ৭ জন চোর এবং চোরাই মালামাল ক্রয়ের সঙ্গে জড়িত ১ জন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহরমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ জুন ভোরে অজ্ঞাতনামা ১০/১২ জন চোর রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় কারূশ্রী জুয়েলার্সের সামনে আসে। তারা দোকানের সামনে বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান বসিয়ে কৌশলে জটলা সৃষ্টি করে পাশের স্বর্ণের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে কারূশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে সিন্দুক থেকে বাদীর বর্ণনামতে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কারূশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়। পুলিশ কমিশনার মহোদয়ের তত্ত্বাবধানে আরএমপির ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট সমন্বিতভাবে কাজ করে চোরদের শনাক্ত করতে সক্ষম হয়।

চোরদের এই দলটি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির। তারা একটি মোবাইল ফোন একবারের বেশি ব্যবহার করে না এবং ব্যবহৃত সিমগুলো এমন ব্যক্তিদের নামে নিবন্ধিত, যারা তাদের চেনে না এবং তাদের নামে সিম নিবন্ধনের বিষয়টিও জানেন না। তারা দ্রুত স্থান পরিবর্তন করে এবং কোনো নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে অবস্থান করে না। দলটি বছরে ১ থেকে ২টি বড় ধরনের চুরি করে থাকে। কোনো চুরি সংঘটনের আগে তারা ৩/৪ মাস ধরে সংশ্লিষ্ট স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং অপরাধ সংঘটন ও নিরাপদে পালিয়ে যাওয়ার কৌশল নির্ধারণ করে। এ ঘটনার ক্ষেত্রেও চুরির প্রায় চার মাস আগে তারা এলাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে ব্যবসার কথা বলে সংশ্লিষ্ট স্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে যায়।

চোরদের গ্রেপ্তারে পুলিশ কমিশনারের নির্দেশে আরএমপির কয়েকটি চৌকস টিম সমন্বিতভাবে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে বাগেরহাট জেলার মোংলা থানার শেহলাবুনিয়া মোর্শেদ সড়ক গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: রুস্তম আলী শেখ (৬৪) কে কেএমপি, খুলনার লবণচড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুস্তম ও পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আরেকটি টিম ডিএমপি, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাধবপুরা (মাইল্যারহাট) গ্রামের আ: হাকিমের ছেলে স্বপন (৬২) ও মো: ইউনুস (৪৫); একই গ্রামের মানিক ফকিরের ছেলে উজ্জল (৩৭); একই থানার মাধবপুরা গ্রামের মতি ফকিরের ছেলে রিয়াজ ওরফে সুমন ওরফে সুজন ওরফে গেদু (৩৯); বাগেরহাট জেলার শরনখোলা থানার খোন্তাকাটা (জিমতলা) গ্রামের মোসাকের ছেলে বর্তমানে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় বসবাসরত আবু তালেব (৪৫) এবং বাগেরহাট জেলার শরনখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের শেখ ফজলু শেখের ছেলে মো: কালাম শেখ (৪৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর চোরাই মালামাল ক্রয়ের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ী চাঁদপুর জেলার কচুয়া থানার সরকার বাড়ী বাজনীখোলা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে, বর্তমানে ডিএমপি, ঢাকার সবুজবাগ থানার পাবনাগলি গ্রামে বসবাসরত মো: রবিউল হাসান (৪৫) কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রবিউলের আরাফাত হাসান জুয়েলার্স নামের দোকান থেকে চোরাই মালামাল বিক্রয়কৃত ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা এবং চোরাই স্বর্ণ ও রৌপ্য বিক্রয়ের নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও গ্রেপ্তারকৃত আসামি উজ্জল ও অন্যান্য আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানা এলাকার তাঁতীবাজার স্বর্ণপট্টি থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

চুরির ঘটনায় এ পর্যন্ত মোট ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা এবং স্বর্ণ ও রৌপ্য বিক্রয়লব্ধ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট