নগরীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজশাহীর লক্ষীপুরে চিকিৎসা নিতে আসা নারী ও তাঁর স্বজনদের মারপিট, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।ে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।

নগর পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনের জন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে তৌহিদের স্ত্রী মোছা. রূপা খাতুন (১৯), তাঁর বড় ভাই মো. রাজিব আলী (২৮) ও শাশুড়ি লক্ষীপুর এলাকার একটি ফার্মেসীতে যান। ফার্মেসীতে লোক না থাকায় তাঁরা সেখান থেকে ফিরে আসার সময় আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ রানা তাঁদের পথরোধ করেন। অভিযোগে বলা হয়, মাসুদ রানা তাঁর পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার জন্য তাঁদের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর নির্দেশে সেখানে উপস্থিত অন্য অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর নির্দেশনায় পুলিশ ভুক্তভোগীদের খুঁজে বের করে। পরে গত ১৯ সেপ্টেম্বর তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে গতরাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট