নগরীতে দুই জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নগর পুলিশ জানায়, গত বুধবার রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় গ্রামের আহসান হাবীবের ছেলে শহিদুজ্জামান শান্ত (২৩) এবং বাবুর ছেলে ইয়াসিন আরাফাত আকাশ (২০)। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটি তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত চারটি নম্বর, দুটি জিমেইল আইডি এবং আটটি জুয়া ও বেটিং অ্যাপ পাওয়া যায়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
