পুঠিয়ায় পার্কের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পার্কের পুকুরে পড়ে পার্থ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টা রানীঘাট পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার দাসের ছেলে। তাদের বাড়ি রাজার বাগানপাড়া এলাকার।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পার্থ শেখ রাসেল পার্কের পুকুরঘাটে সমবয়সী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল পার্থ। বিকেল প্রায় ৫টা তার মা স্মৃতি রানী দাস তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে পরিবারের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। শিশুটি পুকুরে পড়ে যেতে পারে এমন ধারণায় ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে। সারারাত তল্লাশি চালানোর পর শুক্রবার ভোরে রানীঘাট পুকুর থেকে পার্থর মরদেহ উদ্ধার করা হয়।
