ডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলন
স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল শনিবার রাজশাহীর পবা উপজেলায় স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এমপি মিলন বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। তাই ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বক্তব্যের পূর্বে তিনি উপজেলা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশা নিধনের উদ্বোধন করেন।
এ সময় জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম, কুতুব উদ্দিন বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাফফর হোসেন মুকুল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
