উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকির শেষটা জয়ে রাঙাল বাংলাদেশ
জাপানের বিপক্ষে হোঁচট খেলেও উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে শেষটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। এলিট পুলের দল মালয়েশিয়াকে হারিয়ে আসরে পঞ্চম হয়েছেন সারিকা-কনারা। হুলুনবুইর সিটিতে শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেছেন রিমন সারিকা ও কনা আক্তার। শুরু থেকে চোখে চোখ রেখে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে গোল না পেলেও জাল অক্ষত রাখে দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সফল পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশকে এগিয়ে নেন সারিকা।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে কনার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও উজ্জীবিত বাংলাদেশের জয় আটকাতে পারেনি। বাংলাদেশ আসর শেষ করল ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি হার দিয়ে। চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবগুলো জিতেছিল দল। কোয়ার্টার-ফাইনালে এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরে স্থান নির্ধারী ম্যাচে খেলতে হয় বাংলাদেশকে। সূত্র: ইনকিলাব
