শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ঝরে পড়া রোধে সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে: ভূমিমন্ত্রী মিনু         

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বহুমুখী প্রচেষ্টা রয়েছে। গতকাল শুক্রবার সকালে হেয়ার রোডে নিউ গভ: ডিগ্রি কলেজের  ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারী শিক্ষা ও শিক্ষার সার্বিক প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে। নারী শিক্ষায় তিনি সুদূরপ্রসারী ভূমিকা পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে  স্মরণ করেন তিনি।

মন্ত্রী বলেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বরেণ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এমন অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন।

নিউ গভঃ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীরা অতীতে এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করে গৌরবোজ্জ্বল ফলাফল করেছেন।

বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী দিনে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাছাড়া কলেজের অবকাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

এ সময় তিনি এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যেসকল শিক্ষক ও শিক্ষার্থী পরলোকগমন করেছেন তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের  প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ,শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের  পুনর্মিলনী অনুষ্ঠান এই বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট