যোগ্য যে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নে শাহে আলম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় মনোনয়ন ও প্রতীক থাকছে না। তাই আইন অনুযায়ী প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করতে পারে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় নেতাদের একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো অবস্থান নেবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। বৈধ প্রার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ নিশ্চিত করতেও প্রশাসন সহযোগিতা করবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সরকারের বার্তা জানতে চাইলে তিনি বলেন, সরকারের বার্তা পরিষ্কার। এটি দলীয় নির্বাচন নয়। তাই আইন অনুযায়ী যাদের প্রার্থী হওয়ার যোগ্যতা রয়েছে, তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সূত্র: ইনকিলাব
