ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা

বাংলাদেশি সিনেমার জন্য নতুন এক ইতিহাস তৈরি করল নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই বিভাগে জায়গা করে নিল। গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ভেনিসের সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অরিজোন্তি বিভাগের ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। বিভাগটি মূলত নতুন চলচ্চিত্রভাষা, উদ্ভাবনী নির্মাণশৈলী ও সমসাময়িক সিনেমার নতুন প্রবণতাকে গুরুত্ব দেয়। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি পুরোনো বিউটি পার্লারকে কেন্দ্র করে। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে এক হবু কনের সাজসজ্জা ও বাহ্যিক পরিবর্তনের নানা আয়োজন চলতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে এসব আয়োজন তার কাছে অসহ্য হয়ে উঠতে শুরু করে। পরিবারের প্রত্যাশা ও নিজের অস্তিত্বের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব একসময় তার শরীর ও মানসিকতায় অদ্ভুত প্রতিক্রিয়ার জন্ম দেয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দেমীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির আন্তর্জাতিক সহযোগিতায় নির্মিত সিনেমাটি দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরেছে। ভেনিসে এই অংশগ্রহণ তাই শুধু একটি উৎসবে প্রদর্শন নয়, বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায়ও গুরুত্বপূর্ণ মাইলফলক। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট