নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ কারবারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিন ও দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাত পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোলাবাড়ী এলাকার পদ্মা কোল্ড স্টোরেজের সামনে অভিযান চালিয়ে মানিক (৩১) ও ওসমান গনিকে (৩০) ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। রাতে সোয়া ৯টার দিকে মতিহার থানা পুলিশ খড়খড়ি এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে শান্ত ইসলামকে (২৫) ১৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৩২৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ৮টার দিকে বেলপুকুর থানা পুলিশ দক্ষিণ জামিরা এলাকায় আল-আমিনকে (২২) ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। রাত ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় অভিযান চালিয়ে মিরাজ হোসেন অপুকে (২২) ১০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রাতে সোয়া ১১টার দিকে শেখেরচক এলাকার শাহমখদুম কলেজের সামনে অভিযান চালিয়ে সাব্বির (২০) ও শাকিলকে (২১) ৭টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে রাজপাড়া থানা পুলিশ বুলনপুর মৌজায় কোর্টের ২ নম্বর উকিল বারের দ্বিতীয় তলার ২ নম্বর ব্লকে অভিযান চালিয়ে সাত্তার আলীকে (৪৮) ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে মহিমা ওরফে মাহিমকে (২০) ৬টি ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা ও ২৭০ টাকা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
