আনসার ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও  কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রেসিডেন্টের

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বিগত গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। বিশেষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাহিনীর নেওয়া কর্মসূচি তুলে ধরেন। দায়িত্ব পালনে প্রেসিডেন্টের দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন তিনি। প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। এ সময় আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রেসিডেন্ট।

সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানের প্রশংসা করে ভবিষ্যতে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান প্রেসিডেন্ট। দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আনসার ও ভিডিপি প্রধানকে আশ্বস্ত করেন। সাক্ষাৎকালে প্রেসিডেন্টের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট