হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মসমর্পণের নির্দেশ জানিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিন মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি জিয়াউল আহসান, শাহরিয়ার কবির ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু। অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে এদিন হাজির করা হয়নি। মামলায় মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার এবং ৩০ জন পলাতক। গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি গ্রেপ্তারদের হাজিরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে শাপলা চত্বরে অভিযান চালানোর সময় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়ে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। তদন্তে ওই ঘটনায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। মামলায় ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে মামলার অভিযোগ ও আসামিদের বিরুদ্ধে আনা বিভিন্ন বক্তব্য এখন ট্রাইব্যুনালে বিচারাধীন। রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত হবে কি না, তা সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে। সূত্র: ইনকিলাব 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট