নগরীর ২৬নং ওয়ার্ডে  ডাস্টবিন স্থাপন

স্টাফ রিপোর্টার

গ্রীন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এবার নিজ ওয়ার্ডে বাস্তবমুখী উদ্যোগ নিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাঈম। তাঁর উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার  বিকেল সাড়ে ৪টায় ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২৬ নং ওয়ার্ডে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান পর্যাপ্ত না থাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের একটি দৈনন্দিন সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান এলাকায় এলে বাসিন্দারা ময়লা দিতে পারলেও ভ্যান চলে যাওয়ার পর জমে থাকা বর্জ্য ফেলার নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে ভোগান্তি তৈরি হতো। কোথাও কোথাও যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়া, দুর্গন্ধ সৃষ্টি ও পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ত। এই বাস্তব সমস্যা বিবেচনায় নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী বিপ্লব রহমান নাঈম ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, “যুবদল সবসময় সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৬ নং ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাঈমের ডাস্টবিন স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। আমরা আশা করি, এর মাধ্যমে মানুষের মধ্যে যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সচেতনতা তৈরি হবে।”

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন,মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন,মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ  ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট