আতা ফল পাড়া নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
|

আতা ফল পাড়া নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় গাছ থেকে আতা ফল পাড়াকে কেন্দ্র করে বিরোধে রবিন হোসেন (২৬) নামে এক যুবককে মিমাংসার নামে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাতে শহরের ফুলবাড়ির বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত রবিন হোসেন বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মিরাজ হোসেনের ছেলে। শহরের ফুলবাড়ি বানিয়াপাড়ায় একটি গোরস্থানের গাছের আতা ফল পেড়ে খাওয়া নিয়ে রোববার সন্ধ্যার দিকে রবিন হোসেনের সঙ্গে দুর্বৃত্তদের বাকবিতণ্ডা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মিমাংসার কথা বলে রবিন হোসেনকে শহরের ফুলবাড়ির বানিয়াপাড়া এলাকায় জঙ্গলে ডেকে নিয়ে যায়।

সেখানে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রবিন হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ভাঙ্গা হকিস্টিক ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবরস্থানের গাছের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের থেকে রবিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। রবিনের বিরুদ্ধে সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে চারটি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আতা ফল খাওয়া ও কিছুদিন আগে শহরের চেলোপাড়া এলাকায় সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেওয়া নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জনরোষ থেকে বাঁচাতে হত্যাকাণ্ডে জড়িত একজনের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলায় তার নাম আসলে তাকে গ্রেফতার করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *