রোহিঙ্গারা নানা অপকর্মে  জড়িত, অর্থনীতিতেও বাড়াচ্ছে চাপ : সেনাপ্রধান

রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইনশৃঙ্খলা ও অর্থনীতির ওপর বহুমুখী চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান দেশের ওপর বহুমুখী চাপ তৈরি করেছে। বিশেষ করে কক্সবাজারের শিবিরগুলোকে ঘিরে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। বনভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর চাপের পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের ঝুঁকিও তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতির কারণে সরকারের ওপর মানবিক ও আর্থিক দায় বাড়ছে। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে বিপুল সম্পদ ব্যয় হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতিতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বড় অংশ ২০১৭ সালের পর বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থাপিত বিভিন্ন শিবিরে বর্তমানে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে অর্থায়নের ঘাটতি ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় সংকটটি ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। এদিকে রোহিঙ্গা শিবিরগুলোতে মাদক চোরাচালান, মানবপাচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্তবর্তী অবস্থানের কারণে মিয়ানমার থেকে মাদক প্রবেশ এবং বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হচ্ছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট