পুঠিয়ায় ১৯টি মহিষ ৪৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ফরিদপুর থেকে পেশাদার ডাকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় মহিষবোঝাই ট্রাকে ডাকাতি করে ১৯টি মহিষসহ প্রায় ৪৮ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় জুয়েল রানা ওরফে সানি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে রাজশাহী র্যাব-৫ ও র্যাব-১০ যৌথ দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সানি একজন পেশাদার ডাকাত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
র্যাব সূত্র জানায়, গত ১ জুলাই রাত ৩টা ২০ মিনিটে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর হাট থেকে দুটি ট্রাকে করে ৩৮টি মহিষ রাজশাহী সিটি হাটে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। পথে পুঠিয়া থানাধীন রাজশাহী-নাটোর মহাসড়কে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল ড্রাম ট্রাক দিয়ে মহিষবোঝাই একটি ট্রাকের গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে ট্রাকচালক ও মহিষ ব্যবসায়ীদের জিম্মি করে ডাকাতরা ১৯টি মহিষসহ ট্রাকটি নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের নাটোরের বড়াইগ্রাম থানাধীন নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের পাশে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। ডাকাতি হওয়া ১৯টি মহিষের মূল্য ২৩ লাখ টাকা। ছয় চাকার ট্রাকটির মূল্য প্রায় ২৫ লাখ টাকা। মোবাইল ফোনসহ সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য ৪৮ লাখ টাকা। ঘটনার পর ভুক্তভোগীরা পুঠিয়া থানায় গিয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৫ এর সদর কোম্পানি ও র্যাব-১০ সিপিসি-৩ এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে জুয়েল রানার অবস্থান শনাক্ত করে। পরে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন অ্যামাজন হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
