আগামী বছরের এসএসসি পরীক্ষা মার্চে শুরুর চিন্তা
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা হচ্ছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত ছিল, তবে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে সংশ্লিষ্টরা। রোজা ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর বিষয়ে ভাবা হচ্ছে। এ বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিচ্ছে আন্ত শিক্ষা বোর্ড।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চ মাসে শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসেবে রমজান ও ঈদুল ফিতর শেষে মার্চের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। এদিকে আগামী বছরের (২০২৭) এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন ২০২৭ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত। ১৪ মে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি, এইচএসসি ও সমমানের ৪০ লাখ শিক্ষার্থীদের জন্য, ২ বছরে গ্যাপ নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে শিক্ষা বছরের শেষ এবং পরীক্ষার মাস হিসেবে ধরা হবে। সূত্র: কালের কণ্ঠ
