নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৫ ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
রাজশাহীর নগরীর ভদ্রা মোড় এলাকায় অভিযান চালিয়ে চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্যের দায়ে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নগরীর বোয়ালিয়ার ভদ্রা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। এ সময় র্যাব-৫ সদর কোম্পানি, রাজশাহীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং আইন না মানার কারণে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সব ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে রাজশাহী মহানগরকে সবার নিরাপদ চলাচলের উপযোগী করে গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে।
