যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জের কালোবাজারে আসছিল ৭০০ বস্তা সার, জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে নেয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার ও ট্রাকসহ চালক আব্দুল মান্নানকে আটক করেছে সদর মডেল পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ভোরে উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়।  আটক চালক যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপের হাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছেন ডিলার ও তার ছেলে বাবু। সকাল থেকে বন্ধ দোকানও।

পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা ইউরিয়া সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট