আগামী ২৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর দেশের ওপর দিয়ে বয়ে যাবে ঝড়-ঝঞ্ঝা

মোবায়েদুর রহমান

গত মঙ্গলবার ১৭ নভেম্বর নিয়মিত কলামের আমি শিরোনাম দিয়েছিলাম, ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে: তারেক রহমান হুঁশিয়ার!’ ১৭ নভেম্বরের আগে এবং পরের ঘটনাগুলো মিলিয়ে দেখুন। কেমন খাপে খাপে মিলে যাবে। ড. আলী রিয়াজ গত ৭ নভেম্বরের আগে বাংলাদেশের একটি দৈনিকে প্রকাশিত একটি নিবন্ধে বলেছিলেন, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন, এ রকম একটি ধুয়া তোলার বুদ্ধি শেখ হাসিনার মাথা থেকে আসেনি। তার মাথায় এই বুদ্ধি ঢুকিয়েছে তার প্রভু ভারত। ঐ যে মরহুম আব্দুল আলীমের একটি কালজয়ী গান রয়েছে, ‘যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ?’ সত্যিই তো তাই। নরেন্দ্র মোদি এবং অজিত দোভাল শেখ হাসিনাকে যেভাবে নাচাচ্ছেন সেভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নাচছে।

আজ থেকে ৭৯ বছর আগে ভারত স্বাধীন হয়েছে। অভ্যন্তরীণ বলুন, আর পররাষ্ট্রনীতি বলুন, উভয় ক্ষেত্রেই ভারত যথেষ্ট ম্যাচিউরড হয়েছে বলে ধারণা করা যায়। সেই ভারত কি এটা জানে না যে, একজন পলাতক ব্যক্তি, তার ওপর একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি, তিনি চাইলেন আর অমনি পাসপোর্ট পেয়ে গেলেন! এটি কি ছেলের হাতের মোয়া? বিষয়টি কি এতই সহজ? বিষয়টি যে এত সহজ নয় সেটা সম্পূর্ণ জেনে বুঝে ভারত হাসিনাকে কুবুদ্ধি দিয়েছে। সুতরাং, হাসিনার বাংলাদেশে আসার তথাকথিত ‘এরাদা’ যে কূটবুদ্ধিতে ভরা সেটি বাংলাদেশের মানুষ এবং সরকার সম্পূর্ণ ধরে ফেলেছে। ভারত বিলক্ষণ জানতো যে, এই দেশে ফেরার ধুয়া কত ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। সেটিই শুরু হয়েছে গত ৮ নভেম্বর থেকে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি ভারতের সাংবাদিক সুবীর ভৌমিকের ভাষায়, ‘বাংলাদেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে’। আসলে সুবীর ভৌমিক, গৌতম লাহিড়ী প্রমুখ ভারতীয় সাংবাদিক হলেন গদিপন্থী বা মোদিপন্থী সাংবাদিক। কূটনৈতিক কারণে কোনো সরকার যখন তার ইভিল ডিজাইন প্রকাশ করতে পারে না তখন এসব তাবেদার সাংবাদিকদের কাছে ঐ ধরনের সেন্সিটিভ ইনফরমেশন লিক করে দেয়। তারপর তারা সেই সংবাদের ওপর জনগণের পালস স্টাডি করে। অনুকূল মনে হলে সেই খবরে আরো ধোঁয়া দেয়। আর অনুকূল না হলে সেই খবর থেকে ব্যাকআউট করে।

আমি ভারতের এই ডিজাইন সম্পর্কে দৈনিক ‘ইনকিলাবের’ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেছিলাম। সুখের বিষয়, দৈনিক ইনকিলাবের সম্পাদকের চিন্তা ধারার সাথে প্রধানমন্ত্রীর চিন্তা ধারার অনেক মিল পাওয়া যাচ্ছে। ইনকিলাবের মাধ্যমে আমরাই বার বার বলেছিলাম যে শেখ হাসিনা ভারতের পদলেহী পলিটিশিয়ান। তার মাধ্যমে ভারত আবার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চায়। প্রধানমনন্ত্রী তারেক রহমান এই তাবেদার রাষ্ট্র বানানোর বিষয় ৭ নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত ৩/৪ বার উচ্চারণ করেছেন। ভারতের কুটিল খেলা তারেক রহমান বিলক্ষণ বুঝতে পেরেছেন। তাই গোপালগঞ্জ নিয়ে ভারতীয় খেলার প্রথম রাউন্ড মাঠে মারা গেছে।

ভারত এবং শিখিয়ে দেওয়া কলের পুতুল হাসিনা প্রথম চালে মারাত্মক ভুল করেছে। গোপালগঞ্জে চরম অরাজকতা সৃষ্টি করে ভেবেছিল, বাংলাদেশ বুঝি দখল হয়ে গেলো। কিন্তু তিনি ভুলে গেছে যে, গোপালগঞ্জ বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একটি অতি ক্ষুদ্র জেলা। জেলাটির আয়তন ৫৬৭.০৯ বর্গ মাইল। জনসংখ্যা মাত্র ১২ লক্ষ ৯৫ হাজার। অথচ বাংলাদেশের আয়তন ৫৬ হাজার বর্গমাইল এবং লোক সংখ্যা ১৮ কোটি। ১৮ কোটি জনগোষ্ঠির মধ্যে ১২ লক্ষ জনগোষ্ঠি কী করলো বা না করলো সেটি সমগ্র দেশের মোট জনসংখ্যাকে বিন্দুমাত্র প্রভাবিত করে না। তারপরেও তারেক রহমানের সরকার ২২ নভেম্বর রবিবার পর্যন্ত অত্যন্ত বিচক্ষণ নীতি অনুসরণ করেছে। গোপালগঞ্জে ৩/৪ দিন ধরে যে অরাজকতা বা উন্মত্ততা সৃষ্টি করেছিলো কয়েক হাজার লোক তাদের এই উচ্ছৃঙ্খলতাকে মোটেই আমলে নেয়নি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, এসআরবি, বিজিবি এবং আনসার মিলে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ২০০০ সদস্য ১৯ নভেম্বর গোপালগঞ্জে মোতায়েন ছিলো। তারা চোখের পলকে ঐ ৩/৪ হাজার লোকের মিছিল এবং নৈরাজ্যকে শক্তভাবে সামাল দিতে পারত। কিন্তু তারা তা করেনি। কারণ, তারা ভারত তথা শেখ হাসিনার আসল মতলবটি ধরে ফেলেছিল। সরকারের কাছে যেমন গোয়েন্দা রিপোর্ট ছিলো তেমনি আমাদের মতো চুনোপুঁঠি রাজনৈতিক বিশ্লেষকরাও বুঝেছিলেন যে, ভারত বা হাসিনার এই মুহূর্তে চাই কয়েকটি লাশ। সেই লাশ পাওয়ার জন্য তারা সব রকমের সাধারণ কান্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলো। প্রথমে গত ৭ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। এই শব্দটি তারা শিখেছে জুলাই বিপ্লব চলাকালীন জুলাই আগস্টের আন্দোলনের সময়। তখন দেশের ৯৯ শতাংশ জনগণ (মাত্র ১ শতাংশ আওয়ামী লীগের পক্ষে) জুলাই বিপ্লবে ছাত্রজনতার কমান্ডের প্রতি পূর্ণ অনুগত ছিলো। তাই জুলাই বিপ্লবে ছাত্ররা যখন শাট ডাউন বা এই ধরনের কর্মসূচি দিয়েছেন তখন জনগণ আগ বাড়িয়ে তরুণ নেতৃত্বকে ছাপিয়ে সেই কর্মসূচি সফল করেছে। আর এখন? আওয়ামী লীগের সমর্থন সারা বাংলা মিলে এখনো ঐ ১ শতাংশ। তারা কীভাবে লকডাউন ডাকে?

॥দুই॥

৭ নভেম্বর ছাত্রলীগের লকডাউন যখন ৫/১০টা বাস পোড়ানোর মধ্য দিয়ে মাঠে মারা গেলো তখন তারা ১৯ নভেম্বর আবার লকডাউন ডাকে। এবার তারা একটু বেশি সিরিয়াস হয়। তাদের দুরভিসন্ধি তো একটাই। এমন উচ্ছৃঙ্খল এবং বেপরোয়া আচরণ করো যেনো আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে বাধ্য হয় এবং ২/৪টি লাশ পড়ে যায়। সেজন্য আপনারা দেখেছেন তারা ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর এই ৩ দিন আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসীরা কী করলো আর না করলো। এগুলো প্রতিদিন আপনারা খবরের কাগজে বা মোবাইলে অনলাইনে পড়েছেন। তবুও দু চারটি ঘটনা উল্লেখ না করলেই নয়।

প্রথমে তারা এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা মেরে দুটি ছাগল হত্যা করে। নুসরাতের পিতা মাতা ঘটনাচক্রে ২০ মিটার দূরে একটি পাকা বাড়িতে ছিলেন বলে প্রাণে বেঁচে যান। নুসরাতের ওপর হামলা ব্যর্থ হলে এনসিপির আরেকজন এমপি ড. মাহমুদা মিতুকে বার বার টেলিফোনে হত্যার হুমকি দেয়। ঐ দিকে এনসিপির চেয়ারম্যান নাহিদ ইদসলাম লন্ডনে গেলে তার সভায় লাঠিসোঁটা নিয়ে আওয়ামী গুন্ডারা হামলা করে। এ সম্পর্কে যেসব ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে এবং ভাইরাল হয়েছে সেখানে আওয়ামী হামলাকারীরা বলে যে, নাহিদ ইসলামের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তবে কপাল গুণে সে আগেই সভা থেকে বের হয়ে বেঁচে গেছে। দেশের মধ্যে তারা কিনা করেছে! তাদের দেওয়া আগুনে দুই জন নিরীহ বাস ড্রাইভার পুড়ে মারা গেছেন। ১৮ নভেম্বর নড়াইলে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ইসলাম এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে মিছিলের মধ্যে আক্রমণ করে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তেই আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করার যথেষ্ট উপকরণ ছিলো। কিন্তু সেই মুহূর্তে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনসমূহ চরম সংযমের পরিচয় দেয়। আওয়ামী দুর্বৃত্তরা গোপালগঞ্জের দুটি থানা লুট করে এবং অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। একটি থানা হলো টুঙ্গিপাড়া থানা আর একটি হলো মকসুদপুর থানা। এই দুটি থানা লুট ও অস্ত্র লুট আওয়ামী দৃষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট ছিলো। তার পরেও আইনশৃঙ্খলা বাহিনী চরম ধৈর্য্যের পরিচয় দিয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবি এবং আনসার প্রধানরা গোপালগঞ্জ গিয়ে নাগরিক সমাজকে বুঝিয়েছেন। বলেছেন, তারা জনগণের সেবা করতে চান। তবে যদি দুষ্কৃতিকারীরা আইনশৃঙখলা বাহিনীকে কঠোর হতে বাধ্য করে তাহলে তাদের পরিণতি হবে খুব খারাপ।

॥তিন॥

কথায় বলে, চোরা না শোনে ধর্মের কাহিনী। এতো অঘটন ঘটার পরেও আগামী ২৯ ও ৩০ নভেম্বর পলাতক আওয়ামী লীগ সারাদেশে অবার লকডাউন ডেকেছে। সুবীর ভৌমিকের মতো সাংবাদিক এক ভিডিও সাক্ষাৎকারে গলা সপ্তমে চড়িয়ে চিৎকার করে বলেছেন যে, তারেক রহমান নাকি দেশে গৃহযুদ্ধ চাচ্ছে। তিনি বলেছেন যে, ডিসেম্বর মাসের মধ্যেই নাকি তারেক রহমান এই গৃহযুদ্ধের উস্কানির (তাদের ভাষা) উপযুক্ত জবাব পাবেন।

সামগ্রিক পরিস্থিতি এবং আগামী দিন কী ঘটতে পারে সেসম্পর্কে আমার পর্যবেক্ষণ নিম্নরূপ:

ভারতের কুবুদ্ধিতে শেখ হাসিনা মাইনকার চিপায় পড়ে গেছে। আগে অবশ্য মাইনকার চিপা না বলে বলা হতো ফাটা বাঁশে আটকে গেছে। আমি ফাটা বাঁশ শব্দটিই ব্যবহার করছি। সহজ বিষয়কে হাসিনা জটিল করেছে। লাশের রাজনীতি করার জন্য শেখ হাসিনা আগামী দিনগুলিতে তার পোষ্য দুর্বৃত্তদেরকে দিয়ে সিক্রেট কিলিং বা অন্য কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করাবেন। উস্কানি এমন অসহ্য পর্যায়ে চলে যাবে যে, তখন সরকারের পক্ষে পাল্টা আঘাত করা ছাড়া আর উপায় থাকবে না। একটি ধর্মে আছে যে, একগালে চড় মারলে আরেকটি চড়ের জন্য অপর গালটি পেতে দাও। অবশ্য ইসলামে সেটি নাই। এখানে সারমর্ম হলো, কিস্সা কাসাস কি। আপনি যাকে হত্যা করবেন তার নিকটজনরা আপনাকে ক্ষমা না করলে আপনাকে হত্যা করা জায়েজ।

আমরা সরকারকে পাল্টা আঘাত বা প্রত্যাঘাত করার পক্ষে কোনো সুপারিশ করছি না। কিন্তু ইটটি মারলে তো পাটকেলটি খেতে হয়। আওয়ামী সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুম এবং ড. মিতু ছাড়াও গোপালগঞ্জের ৩ জন এমপির বাড়িই জ্বালিয়ে দিয়েছে। আরো অনেকের বাড়িই জ্বালিয়ে দিয়েছে। ২২ নভেম্বর রোববারের বিভিন্ন পত্রিকায় দেখলাম, বিএনপির ২ নেতাকে হত্যার বদলা নিয়েছে বিএনপি। নড়াইলে আওয়ামী লীগের ৪০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রাক্তন মন্ত্রী শ.ম রেজাউল করিম, প্রাক্তন মন্ত্রী দীপু মনি, প্রাক্তন প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমসহ অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ২২ নভেম্বর দৈনিক ‘প্রথম আলো’র অনলাইন সংস্করণের খবরে প্রকাশ, নড়াইলের বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও দোকানে ভাঙচুর, আগুনের ক্ষতচিহ্ন, পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক। গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশের আরো অনেক জেলায় বিএনপি এবং এনসিপির নেতা-কর্মীদের বাসভবনে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দিল্লি ও কলকাতা সূত্রের খবরে প্রকাশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে বড় কিছু ঘটাতে তারা বদ্ধপরিকর। কারণ, এর মধ্যে শেখ হাসিনা যদি দেশে না ফিরতে পারেন অথবা দেশে ফেরার জন্য কোনো বড় ধাক্কা দিতে না পারেন তাহলে তিনি এবং তার আওয়ামী লীগ ফালতু সংগঠনে পরিণত হবে। সেই সাথে ভারত পরিণত হবে পেপার টাইগারে। এখন শেখ হাসিনার দেশে ফেরা হয়ে গেছে তার এবং ভারতের জন্য একটি বড় প্রেস্টিজ ইস্যু। কিন্তু এই ইস্যুতে বিএনপি-জামায়াত এবং এনসিপির ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং, গৃহযুদ্ধ না হোক আগামী ৩০ দিনের মধ্যে একটি বড় রাজনৈতিক ঝঞ্ঝা বয়ে যাবে বলে পর্যবেক্ষকরা আশঙ্কা করেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট