তানোরে ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড় গাছ: রহস্যের মাঝেও সম্ভাবনার হাতছানি
ওমর ফারুক
রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের ৪০০ বছরের অধিক সময়ের যুগলবন্দি বট-পাকুড় গাছ। এই যুগলবন্দী বট -পাকুড়কে ঘিরে নানা রহস্য ও লোককথা প্রচলিত থাকলেও এই সময়ে এসে রহস্যের মাঝেও নতুন পর্যটনের সম্ভাবনার হাতছানি দেখা দিয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে বিস্তৃত বিশাল শাখা-প্রশাখা আর মাটি ছোঁয়া ঝুড়ি-শিকড়ের জাল। বাতাসে পাতার মর্মর ধ্বনি আর শান্ত গ্রামীণ পরিবেশ মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি করেছে মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ। স্থানীয়দের কাছে প্রায় চারশ বছর পুরনো এই যুগলবৃক্ষ একসময় ‘রহস্যে ঘেরা’ স্থান হিসেবে পরিচিত থাকলেও এখন তা ধীরে ধীরে পরিণত হচ্ছে স্থানীয় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে।
লোককথা থেকে কৌতূহলের কেন্দ্রবিন্দু: ময়েনপুর গ্রাম ঘুরে দেখা যায়, এটি কেবল একটি একক বটগাছ নয়; বরং বট ও পাকুড় গাছের এক বিরল যুগলবন্দি রূপ। গ্রামের প্রবীণ ও মধ্যবয়সী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত রয়েছে।
গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন জানান, “ছোটবেলায় আমরা শুনেছি এই পাকুড় গাছকে ঘিরে নানা ভীতিকর কথা। অনেক মা-বাবা বা মুরব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। এখন থেকে প্রায় ৩০ বছর আগেও ভয়ে দিনের বেলাতেও অনেকে এই পাকুড় গাছের সামনে দিয়ে একা যেতে চাইতেন না।
তবে সময়ের সঙ্গে মানুষের ধারণা বদলেছে। কুসংস্কার ও ভয়ের জায়গাটি দখল করেছে কৌতূহল আর প্রকৃতির প্রতি ভালোবাসা। এখন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন গাছ দুটি দেখতে, ছায়ায় কিছুটা সময় কাটাতে এবং মুঠোফোন বা ক্যামেরায় ছবি তুলে নিয়ে যান। এখন এই বট পাকুড়ের গাছের পাশেই বেশ কয়েকটি দোকান তৈরি হয়েছে। গ্রামের লোকজন ও দর্শনার্থীরা এসে সেখানে চা খান।
বয়স নিয়ে ভিন্নমত ও ঐতিহাসিক গুরুত্ব:
গাছ দুটির প্রকৃত বয়স কত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ বা জরিপ নেই। স্থানীয়দের বড় অংশের ধারণা, এগুলোর বয়স আনুমানিক ৪০০ বছর। তবে কেউ কেউ আরও বেশি বয়সের কথা বলছেন।
স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, “আমরা ছোটবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকারেই দেখে আসছি। এর সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই পাকুড় ও বট গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। এত পুরনো গাছ আমাদের এলাকায় আর চোখে পড়ে না।
প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষকদের মতে, প্রাচীন বট বা পাকুড় গাছ প্রায়ই কোনো পুরনো জনপদ, বাণিজ্যপথ বা গ্রামীণ স্মৃতির নীরব সাক্ষী হিসেবে টিকে থাকে।
পর্যটন সম্ভাবনার দাবি: শান্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত এই বট-পাকুড় গাছকে ঘিরে স্থানীয়ভাবে একটি ছোটখাটো পর্যটন সম্ভাবনার কথা বলছেন এলাকাবাসী। তাদের মতে, যাতায়াত ব্যবস্থার সামান্য উন্নয়ন, বসার ব্যবস্থা এবং সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি সহজেই আশপাশের মানুষের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্রে পরিণত হতে পারে। স্থানীয় বাসিন্দা শামিম বলেন, “এখন প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটা দেখতে আসে, ছবি তোলে। পরিবেশটা খুব সুন্দর ও শান্ত। সরকার যদি জায়গাটা একটু দেখভাল করে, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়, তাহলে এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
ময়েনপুর গ্রামের এই প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল ভয়ের বা লোককথার অংশ নয়; বরং প্রকৃতি, ঐতিহ্য আর গ্রামীণ সম্ভাবনার এক জীবন্ত নিদর্শন হয়ে উঠেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা কেবল লোককথায় নয়—বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বলে শুনেছি। এটি উদ্ভিদ বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। এটি সরাসরি আমরা দেখিনি। দেখার পর মন্তব্য করা সম্ভব হবে।
