রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি টাকার মাদক ও অস্ত্র জব্দ বিজিবির
স্টাফ রিপোর্টার
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার ও সমন্বিত তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অভিযানে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১ বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিমাঞ্চলের ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৭৬.৬৫ কিলোমিটার দুর্গম ও গুরুত্বপূর্ণ সীমান্তজুড়ে বিস্তৃত। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে মোট ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়। একই সময়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।
অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি পিস্তল (৮টি ম্যাগাজিনসহ), ১৭ রাউন্ড গুলি, ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশীয় মদ, ২.৪৩ কেজি গাঁজা, ৮ হাজার ৪৮৭ বোতল বিভিন্ন প্রকারের সিরাপ এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট। এ ছাড়াও ১৭৭.৭ কেজি ওজনের ৭টি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং ৪টি ভারতীয় গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বর্তমান উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে রাজশাহী ব্যাটালিয়ন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলের সময়, স্থান ও ধরন পরিবর্তন করে সীমান্তে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ব্যাটালিয়নের সব বিওপিতে (বর্ডার আউটপোস্ট) সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পদ্মা নদীবেষ্টিত দুর্গম বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে এবং পদ্মা নদীতীরবর্তী বিওপিগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রমও চালু করা হয়েছে। নদীপথে নিয়মিত টহলে স্পিডবোট ও কাঠের নৌকা ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আরও আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের নিয়ে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। জেলা কোর কমিটির মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসন, সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।
সীমান্ত দায়িত্বের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায়ও সক্রিয় রয়েছে রাজশাহী ব্যাটালিয়ন। নির্বাচনকালীন নিরাপত্তা, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। যেকোনো আকস্মিক পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সদর দপ্তরে ৩টি প্লাটুন এবং ১৬টি বিওপিতে ১টি করে সেকশন জনবল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। বিজিবি মহাপরিচালকের ঘোষিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই ভিশন বাস্তবায়ন এবং “সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে” প্রত্যয়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন।
