মহাদেবপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার। বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশের ধানক্ষেত থেকে এরশাদ (৪৫ )  নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের  চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে। গতকাল বুধবার সকালে ধান কাটা লোকজন মাঠে ধান কাটতে যাওয়ার সময় খাজুর- বাগডোব পাকা সড়কের পাশে অজ্ঞাত পরিচয় একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। অজ্ঞাত  পরিচয় লাশের বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে লাশ দেখে তার এলাকার লোকজন ও স্বজনরা তাকে চিনতে পারে। পরে এলাকাবাসী এসে লাশ শনাক্ত করে।

তাদের মধ্যে হাফেজ মোঃ ইউসুফ আলী বলেন, নিহত এরশাদ তার ভাস্তি জামাই। তিনি জানান, এরশাদ মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের জন্য ঔষধ নেওয়ার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারে যায় এবং রাতে আর বাড়ি ফেরেনি। রাতে তারা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

তিনি আরও জানান, নিহত এরশাদ গত ১০ বছর যাবত ঢাকায় গার্মেন্টসে চাকরি শেষে প্রায় ছয় মাস আগে বাড়ি ফিরে এসে আর ঢাকায় যায়নি।

তবে স্থানীয়রা জানান, উদ্ধারের সময় লাশের  শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং সেই সব স্থানগুলো দিয়ে রক্ত ঝরছিল।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট