ককটেল বিস্ফোরণ ও আগুনে পুড়িয়ে ২ জনকে হত্যা বিভিন্ন স্থানে ভারতীয় প্রক্সি গোষ্ঠী আওয়ামী সন্ত্রাসীদের একের পর এক নাশকতা, ক্ষোভে ফুঁসছে জনতা
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য হওয়া ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ভয়াবহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লির মদদে ও ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পলাতক স্বৈরাচারের দোসররা ডিসেম্বর কেন্দ্রিক একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, নির্বিচারে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় দুজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক এমন বর্বরোচিত হামলায় জনতা চরম ক্ষোভে ফুঁসছে।
বিশ্লেষকদের মতে, ভারতের নয়াদিল্লিতে বসে সে দেশের গোয়েন্দা বিভাগের সাথে সমন্বয় করে হাসিনার এই প্রক্সি গোষ্ঠী ডিসেম্বরের আগমনকে ঘিরে একটি হাইপ তুলতে চাইছে। শ্রমিক আন্দোলনের নামে তৈরি পোশাক শিল্প—যা দেশের গ্রামগঞ্জের অবহেলিত ৩০ লাখ নারীসহ ৫০ লাখ মানুষের কর্মসংস্থান ও প্রধান রপ্তানিমুখী খাত—তাকে ধ্বংসের চক্রান্ত চলছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু সুবিধাভোগী নেতার পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্লেষকরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, গণহত্যাকারী ও ভারতীয় এজেন্ট হিসেবে পরিচিত এই নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই অশুভ তৎপরতা প্রতিহত করতে জুলাই চেতনার পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ইস্পাতসম ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
দেশের বিভিন্ন স্থানে ভারতীয় প্রক্সি গোষ্ঠী আওয়ামী সন্ত্রাসীদের নাশকতায় নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে আকস্মিক তাণ্ডব চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। ককটেল বিস্ফোরণের আঘাতে গুরুতর আহত হন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ও বাকপুর গ্রামের আকতার মোল্যার ছেলে রাজু মোল্যা (৪০)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীরা চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর চালায়। ঘটনার পরপরই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল তাৎক্ষণিকভাবে হাসপাতালে এবং নিহতের বাড়িতে ছুটে যান এবং বুধবার সকালে ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। বুধবার ভোররাত চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে এই অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও বাসের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এরআগে, মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের পর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা। রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির পৈতৃক বাড়িতে আগুন দেয়। মিছিলকারীরা বাড়িতে চড়াও হলে পরিবারের সদস্যরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
রাজধানীতে একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
রাজধানী ঢাকাতেও মঙ্গলবার রাত থেকে বুধবার রাত ১টা পর্যন্ত সুপরিকল্পিতভাবে নাশকতার অংশ হিসেবে পল্লবী, মহাখালী, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায় মোট পাঁচটি বাসে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ রাজধানীর অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পল্লবীর সিরামিক রোড, তিতুমীর কলেজের সামনে, বাড্ডা লিংক রোড, রামপুরা ব্রিজ ও মহাখালীতে একের পর এক বাসে যাত্রীবেশে বা চলন্ত অবস্থায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে, যাদের মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীও রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বিগত ১৬ নভেম্বর পর্যন্ত মাত্র ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, দেশ অস্থিতিশীল করার একটি ভয়ংকর নীলনকশা ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েক নেতার ভার্চুয়াল বৈঠকের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এটা স্পষ্ট যে, পরাজিত শক্তি ভারতের নয়াদিল্লিতে বসে সে দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দিল্লির সেবাদাসী হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং দেশের সাধারণ মানুষ তাদের মন থেকে সম্পূর্ণ মুছে দিয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক অনৈক্য ও কাদাছোঁড়াছুড়ির সুযোগ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা হিংস্রতার পথ বেছে নিয়েছে বলে মনে করেন তারা। সূত্র: ইনকিলাব
