রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক এসআরবি’র ওই দলটি নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দু’টি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে এসআরবি আরও জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্টস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিজিটাল আসক্তি প্রতিরোধে পরিবার ও প্রতিষ্ঠানকে
ভূমিকা পালনের আহ্বান রাসিক প্রশাসকের/২
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণ করতে হবে এবং ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেম।
এ সময় মা’আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেন, সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
