গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি সূত্র জানায়, সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সাঈদ খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলেছে।

উল্লেখ্য, সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট