এসপি জাহাংগীরের মোবাইলে মিলেছে আওয়ামী লীগ পুনর্বাসনের দুই বার্তা

এসপি জাহাংগীরর আলমের মোবাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনে দুটি বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি। মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এসপি জাহাংগীরর আলমের মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল।’ জাহাংগীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

ডিআইজি বলেন, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীররের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।’

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত-দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিনদিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এসপি মোহাম্মদ জাহাংগীরর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, ‘যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই।’

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চার দিনের রিমান্ড

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট