১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম
স্টাফ রিপোর্টার
ইতিহাসের নানা অধ্যায়, প্রাচীন সভ্যতার নিদর্শন আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ১১৬ বছর ধরে দাঁড়িয়ে আছে রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘর দীর্ঘ পথচলায় বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর সংগ্রহ ও কার্যক্রমের পরিধিও সমৃদ্ধ হয়েছে।
শুধু প্রত্ননিদর্শন প্রদর্শনের স্থান নয়, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ইতিহাস, শিল্পকলা ও সংস্কৃতির এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার। প্রাচীন ভাস্কর্য, মুদ্রা, শিলালিপি, পাণ্ডুলিপি, পোড়ামাটির ফলকসহ নানা দুর্লভ নিদর্শনের মাধ্যমে এখানে ফুটে উঠেছে এ অঞ্চলের অতীত সভ্যতা ও মানুষের জীবনধারা।
জাদুঘর প্রতিষ্ঠার পেছনে রয়েছে গবেষণা ও ইতিহাসচর্চার দীর্ঘ উদ্যোগ। ১৯০৯ সালে গবেষণা ও প্রবন্ধ পাঠের কার্যক্রমের মধ্য দিয়ে এর সূচনা হয়। পরবর্তী সময়ে দিঘাপতিয়া রাজপরিবারের কুমার শরৎকুমার রায়, ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় এবং গবেষক রমাপ্রসাদ চন্দের উদ্যোগে ১৯১০ সালে গড়ে ওঠে বরেন্দ্র রিসার্চ সোসাইটি। কুমার শরৎকুমার রায় ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, অক্ষয়কুমার মৈত্রেয় অনারারি ডাইরেক্টর এবং রমাপ্রসাদ চন্দ অনারারি কিপার।
জাদুঘরের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯১০ সালের এপ্রিল মাসে তিন অগ্রপথিক গোদাগাড়ী অঞ্চলের তৎকালীন প্রদ্যুম্নপুর এলাকায় প্রথম প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন অভিযান পরিচালনা করেন। পাঁচ দিনের অভিযানে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তাঁরা ৩২টি ভাস্কর্য সংগ্রহ করেন। এসব নিদর্শন রাজশাহী শহরে নিয়ে আসার পর তা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। একই বছরের পরবর্তী অভিযানে একটি স্থায়ী সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন তাঁরা। এর ধারাবাহিকতায় বরেন্দ্র রিসার্চ সোসাইটির কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯১৪ সালে সোসাইটিটি নিবন্ধিত হয়।
জাদুঘরের ঐতিহাসিক ভবন নির্মাণের জন্য ১৯১৬ সালের ১৩ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল। কুমার শরৎকুমার রায়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত ভবনটি ১৯১৯ সালের ২৭ নভেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করেন তৎকালীন গভর্নর লর্ড রোনাল্ডশে। পরবর্তী সময়ে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনাধীন হয় বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। এর ফলে জাদুঘরটির সংগ্রহ সংরক্ষণ, গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নতুন সুযোগ তৈরি হয়।
বর্তমানে জাদুঘরে পাথর ও ধাতব ভাস্কর্য, প্রাচীন মুদ্রা, শিলালিপি, পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, ঐতিহাসিক চিত্রকর্ম ও দুর্লভ প্রত্ননিদর্শন সংরক্ষিত রয়েছে। বিশেষ করে পাল ও সেন আমলের বিষ্ণু, বুদ্ধ, বোধিসত্ত্ব, শিব ও দুর্গার ভাস্কর্য দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান বলেন, জাদুঘরে প্রায় সাড়ে ছয় হাজার পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে সংস্কৃত ও বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ফারসি ভাষার পাণ্ডুলিপিও রয়েছে। তালপাতায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি এবং হাতে লেখা পবিত্র কোরআন শরিফ এই সংগ্রহকে বিশেষ গুরুত্ব দিয়েছে। উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে পাল আমলের ‘অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ পাণ্ডুলিপি। এ ছাড়া নাটোরের রানি ভবানীর ব্যবহৃত রাজদণ্ড ও ছাতাসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত রয়েছে।
তিনি আরও জানান, বরেন্দ্র অঞ্চলের ভাস্কর্যশিল্পের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। পাল আমলের খ্যাতিমান শিল্পী ধীমান ও বীটপালের শিল্পধারার সঙ্গে এ অঞ্চলের ভাস্কর্যশিল্পের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জাদুঘরের সংগ্রহ দেশি-বিদেশি গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন।
জাদুঘরের সংগ্রহশালায় থাকা সব নিদর্শন একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হয় না। জায়গার সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিভিন্ন ধরনের প্রায় ১ হাজার ১০০টি প্রত্ননিদর্শন প্রদর্শনীতে রাখা হয়েছে। বাকি নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষিত রয়েছে।
জাদুঘর ঘুরে দেখা দর্শনার্থীদের কাছে এটি অতীতকে কাছ থেকে জানার এক বিশেষ অভিজ্ঞতা। প্রাচীন ভাস্কর্য, মুদ্রা ও পাণ্ডুলিপি দেখে তাঁরা ইতিহাসের বিভিন্ন সময় ও সভ্যতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। বিশেষ করে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের জন্য সরাসরি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার মাধ্যমে ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়।
অন্যদিকে, জাদুঘরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে এসব মূল্যবান নিদর্শন সংরক্ষণ, পরিচর্যা ও দর্শনার্থীদের কাছে তুলে ধরার কাজে যুক্ত রয়েছেন। তাঁদের নিয়মিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মের জন্য সংরক্ষিত হচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।
শীত মৌসুমে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনায় জাদুঘর প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষক ও শিক্ষার্থীরা দলবদ্ধভাবে জাদুঘর পরিদর্শন করেন। ইতিহাস, ইসলামের ইতিহাস, চারুকলা ও পর্যটন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের গবেষকরাও এখানে আসেন। জাদুঘরের কার্যক্রম আরও সমৃদ্ধ করতে আধুনিক সংরক্ষণব্যবস্থা, ডিজিটাল আর্কাইভ, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং পর্যাপ্ত প্রদর্শনীস্থানের প্রয়োজনীয়তা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাদুঘরের দুর্লভ সংগ্রহ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নতুন প্রজন্মকে জাদুঘরমুখী করার আহ্বান জানিয়ে পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের জাদুঘরে নিয়ে আসা। এখানে সংরক্ষিত নিদর্শনের মাধ্যমে হাজার হাজার বছর আগের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া সম্ভব।
প্রতিষ্ঠার ১১৬ বছর পরও বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ইতিহাস অনুসন্ধান, প্রত্নসম্পদ সংরক্ষণ ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তার স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে। প্রাচীন সভ্যতার স্মারকগুলোকে সযত্নে সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে বাংলার সমৃদ্ধ অতীত ও ঐতিহাসিক পরিচয়।
