এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসির মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। মূলধন সংকট কাটাতে সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ব্যাংকটি। প্রস্তাব অনুযায়ী, সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলো এই অর্থ বিনিয়োগ করলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিকানা চলে যেতে পারে রাষ্ট্রের হাতে। এর ফলে বেসরকারি মালিকানাধীন ব্যাংকটি কার্যত সরকারি নিয়ন্ত্রণে চলে যাবে। ব্যাংকটির মূলধন ঘাটতি পূরণ, আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং আগের মালিকদের প্রভাবমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে সরকারের কাছে পাঠানো প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠিয়ে সরকারের মতামত চেয়েছে।ইসলামী ব্যাংকের প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় উন্নীত করা হবে। নতুন শেয়ারগুলো প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সরকার বা সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রির প্রস্তাব করা হয়েছে।গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ এই প্রস্তাব অন্তর্ভুক্ত করেছে ব্যাংকটি। পরিকল্পনাটির মাধ্যমে মূলধন ঘাটতি কমিয়ে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি পাঠায়। চিঠিতে জানানো হয়, ইসলামী ব্যাংক ৬০০ কোটি অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যু করে সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ইক্যুইটি বিনিয়োগ নিতে চায়। তবে ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত। এ কারণে প্রস্তাবটির বিষয়ে সরকারের সম্মতি জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন সরকারের হাতে যেতে পারে মালিকানা: ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হলে আগের মালিকপক্ষ আবারও শেয়ার কিনে ব্যাংকের ওপর প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে। সে আশঙ্কা থেকেই সরকারের কাছে বিনিয়োগ চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, সরকার বিনিয়োগ করলে একদিকে ব্যাংকের মূলধন ঘাটতি কমবে, অন্যদিকে আগের মালিকানাসংশ্লিষ্ট গোষ্ঠীর শেয়ার ও প্রভাব কমে আসবে। ভবিষ্যতে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হলে সরকার চাইলে এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিতে পারবে।তবে সরকারের বিনিয়োগের প্রস্তাবের পাশাপাশি ব্যাংকটির মূলধন বাড়ানোর আরও একটি উদ্যোগ রয়েছে। গত ৪ নভেম্বর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশি কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ২০২৩ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি ব্যাংকটি। বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকটি জেড শ্রেণিভুক্ত।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। বিপুল খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতি ব্যাংকটির আর্থিক সংকটকে আরও গভীর করেছে।২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ব্যাংকটির পরিচালনার দায়িত্ব পালন করছেন। এর আগে এস আলম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ব্যাংকটির প্রায় ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আদালতের আদেশে জব্দ করা হয়। বাকি শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সরকারি মালিকানা নিয়ে আপত্তি: ইসলামী ব্যাংকে সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানা প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, এ ধরনের বিনিয়োগ সঠিক সিদ্ধান্ত হবে না। সব মিলিয়ে, ছয় হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হলে দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের মালিকানা পরিবর্তন ঘটবে। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক তখন সংখ্যাগরিষ্ঠ শেয়ারের ভিত্তিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। তবে শুধু মূলধন জোগান দিয়েই ব্যাংকটির সংকট কাটানো সম্ভব হবে কি না, নাকি খেলাপি ঋণ আদায়, অনিয়মের দায় নির্ধারণ এবং সুশাসন নিশ্চিত করাই হবে পুনরুদ্ধারের মূল চ্যালেঞ্জ, সেই প্রশ্নও সামনে এসেছে। সূত্র: বাংলাট্রিবিউন
