অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন প্রভাত ডেক্স:
জয়পুরহাটের ক্ষেতলালে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮২ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই সার ও আলুর বীজ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

​শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর তিনমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে স্বর্ণা ট্রেডার্সকে ৫০০ টাকা এবং সামি ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুটি দোকান থেকে মোট ৬৭ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ সার উপস্থিত সাধারণ কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ ৯৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

​অন্যদিকে, বৈধ লাইসেন্স ছাড়াই আলুর বীজ বিক্রির দায়ে গোলাম মোস্তফার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দোকান থেকেও আরও ১৫ বস্তা সার জব্দ করা হয়।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ মজুত ও বিক্রি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট