বেনজীরকে দেশে ফেরানো  সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এ জন্য সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসরণ করে দীর্ঘ ও জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অতিক্রম করতে হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।

তিনি আরও জানান, ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ‘ফেডারেল ল নম্বর ৩৯ অফ ২০০৬’-এর আর্টিকেল ১১ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে বাংলাদেশকে আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ বা প্রত্যর্পণের অনুরোধ পাঠায়। একই তারিখে তথ্য সমন্বয়ের জন্য ওই অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুরোধপ্রাপ্ত দেশ- দুবাই বা আবুধাবির উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষ সে দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তা বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না।

তিনি ব্যাখ্যা করেন, প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ ক্ষেত্রে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে নেওয়া পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য-প্রমাণ পাওয়ার পর প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামোর আওতায় সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট