মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চশিক্ষিত বেকার: প্রেসিডেন্ট
যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত ১৭ বছরে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রির সনদ দিয়ে তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোই উচ্চশিক্ষার সাফল্য নয়। শিক্ষার মান, যোগ্য শিক্ষক, সময়োপযোগী পাঠ্যক্রম, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মদক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থার বৈষম্য তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন ধারায় বিভক্ত শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার সুযোগ, মান ও দক্ষতা অর্জনে ব্যবধান তৈরি হয়েছে। এ বৈষম্য দূর করতে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকেও গুরুত্ব দিতে হবে।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করতে হবে। ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার সুযোগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, দক্ষ কর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির প্রভাব তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনে কর্মজগতের ধরন বদলে যাচ্ছে। তাই শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধ দুর্বল না করে। প্রযুক্তির যত উন্নতিই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, সমাবর্তন শুধু সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রের বিনিয়োগ রয়েছে। তাই শিক্ষার্থীদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই একজন স্নাতকের প্রকৃত সাফল্য। এ জন্য শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও নৈতিকতার পথে চলতে হবে। সূত্র: ইনকিলাব
