পাসপোর্ট চেয়ে চিঠি কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে এ চিঠি পাঠান তিনি। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নথি মেলেনি। এমনকি এই আইনি লড়াইয়ের ব্যয়ভার বহন ও অর্থের উৎস নিয়েও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস্ আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা পওলস্ ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের বিশেষ কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা লাভ করেন। পূর্বে তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নথি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিগত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে জোরালো আইনি উদ্যোগ গ্রহণ করেছেন পওলস্।নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামেন তিনি। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই নথিতে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করে দলটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছিল। পরবর্তীতে একই বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সহকর্মী তাতিয়ানা ইটওয়েলসহ জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি জরুরি আবেদন করেন পওলস্। এতে উল্লেখ করা হয়, অভিযুক্তের অনুপস্থিতিতে এ ধরনের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হলে তা জীবনের মৌলিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন হবে। অবশ্য এই আবেদনের সাত দিনের মাথায়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তী বছরগুলোতেও আন্তর্জাতিক অঙ্গনে এ সংক্রান্ত তৎপরতা অব্যাহত রাখেন পওলস্। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, দল নিষিদ্ধকরণ এবং সাবেক শতাধিক সংসদ সদস্যকে আটক রাখার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তিনি। সূত্র : ইত্তেফাক
