নয়াপল্টন-মানিক মিয়া এভিনিউ ৬ কিলোমিটার হাঁটলেন প্রটোকলের দেয়াল ভেঙে জনতার কাতারে তারেক রহমান
নভেম্বরের হিমেল বাতাসে শীতের আগমনী বার্তা। এরই মাঝে চারিদিকে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর লাল-সবুজের পতাকার মেলা। গত শনিবার ছিল ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। তবে এবার দিনটি কেবল ক্যালেন্ডারের বাৎসরিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রইল না; ঢাকার রাজপথ সাক্ষী হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ও যুগান্তকারী অধ্যায়ের। ক্ষমতার চিরাচরিত কাঠামোয় সরকার প্রধান মানেই সাইরেনের তীক্ষè শব্দ, বুলেটপ্রুফ গাড়ির সুরক্ষিত কনভয়, কঠোর প্রটোকল আর সাধারণ মানুষের সঙ্গে শত হাতের দুর্ভেদ্য দূরত্ব। কিন্তু সেই দশকের পর দশক ধরে চলা প্রাতিষ্ঠানিক বলয় ভেঙে শনিবার সম্পূর্ণ ব্যতিক্রমী রূপে দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানকে। নয়াপল্টন থেকে শুরু করে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ—দীর্ঘ ৬ কিলোমিটার পথ তিনি গাড়ির ভেতর নয়, হেঁটে পাড়ি দিলেন লাখো নেতাকর্মী ও সাধারণ জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ক্ষমতার শীর্ষে আসীন একজন সরকারপ্রধানের এমন দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে কার্যত বিরল।
নয়াপল্টনে সমবেত জনসমুদ্র: এদিন সকাল থেকেই রাজধানীর প্রাণকেন্দ্র নয়াপল্টন রূপ নিয়েছিল জনতার মহাসমুদ্রে। মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর ও বিজয়নগরের অলিগলি পেরিয়ে জনসমুদ্র ততক্ষণে মহাসমুদ্রে পরিণত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে ট্রাকমঞ্চে সমাবেশ শেষে যখন মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে বর্ণাঢ্য র্যালির প্রস্তুতি চলছিল, তখন সবার চোখ আটকে যায় প্রটোকল কর্মকর্তাদের দিকে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত ছিল। কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে প্রধানমন্ত্রী গাড়ির দরজার পরিবর্তে হেঁটে নেমে এলেন রাজপথের মূল মিছিলে। কোনো কৃত্রিম ব্যারিকেড বা কাচের ঘেরাটোপ না রেখে তিনি সোজা দাঁড়িয়ে গেলেন নেতাকর্মী ও জনতার সারিতে। উপস্থিত লাখো জনতার কণ্ঠে তখন আকস্মিক বিস্ময় আর বাঁধভাঙা উচ্ছ্বাসের গর্জন।
পথচলার গতিময়তা: নয়াপল্টন মোড় পেরিয়ে র্যালিটি যখন কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ের দিকে এগোচ্ছিল, তখন পুরো শহরের চিরচেনা ছন্দ বদলে যায়। পিচঢালা রাজপথে লাখো জোড়া জুতো আর স্যান্ডেলের ছন্দোবদ্ধ পদধ্বনি, আর তার মধ্যমণি হয়ে হেঁটে চলছেন দেশের প্রধানমন্ত্রী। সাধারণত ভিভিআইপি চলাচলে সড়ক অবরুদ্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি হওয়াই স্বাভাবিক চিত্র। অথচ এদিন দৃশ্যপট ছিল সম্পূর্ণ বিপরীত। মৎস্য ভবন মোড়ে পৌঁছাতেই দেখা যায়, রাস্তার দুই পাশের ফুটপাতে উপচে পড়ছে মানুষের ভিড়। অফিস ছুটির দিন হলেও শিশু কোলে মা, দোকান ফেলে বেরিয়ে আসা ব্যবসায়ী, রিকশাচালক ও শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য। প্রধানমন্ত্রী হাত নেড়ে, কখনো হাত বুকে রেখে জনতার ভালোবাসার জবাব দিচ্ছিলেন। ইন্টারকন্টিনেন্টাল-বাংলামোটর হয়ে র্যালি যখন কারওয়ান বাজারের ব্যস্ত মোড়ে এসে পৌঁছায়, ততক্ষণে দুপুরের রোদ কিছুটা ম্লান হয়ে এসেছে। দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি স্বাভাবিক হলেও প্রধানমন্ত্রীর পদক্ষেপে তার কোনো ছাপ ছিল না; বরং চোখে-মুখে ছিল জনতার কাছাকাছি থাকার প্রাণবন্ত অনুভূতি। সড়কের দুইপাশে এবং আশপাশের বহুতল বাণিজ্যিক ভবনের জানালা ও ছাদ থেকে মানুষ হাত নাড়ছিল। ফার্মগেটের ঘিঞ্জি মোড়ে পৌঁছালে জনতার চাপ সামলাতে নিরাপত্তা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী নিরাপত্তারক্ষীদের ইশারা করে পথ উন্মুক্ত রাখতে বলেন এবং ভিড়ের অতি সন্নিকটে গিয়ে মানুষের সাথে হাত মেলান।
খামারবাড়ি মোড় ঘুরে র্যালি যখন জাতীয় সংসদ ভবনের সামনের সুবিশাল মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করল, তখন সেই প্রশস্ত রাজপথ পরিণত হলো এক মহা মোহনায়। নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ—পুরো ৬ কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে সম্পন্ন হলো এই ঐতিহাসিক অভিযাত্রা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এভাবে কেনো প্রধানমন্ত্রীর টানা হাটার দৃশ্য বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। গণতন্ত্র বিনির্মাণের অভিযাত্রায় এটাই দেশবাসীকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি। এরআগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিতে গিয়ে মাইলের পর মাইল হেটেছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, পুরো পথে কোথাও প্রধানমন্ত্রীর হাটার পথে ছন্দপতন ঘটেনি। একটানা হেটে গেছে। অন্য নেতাদেরও বলেছেন, হাটেন।
গণমানুষের চোখে দেখা এক অন্যরকম দিন : এই র্যালির পুরো পথে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি আমার জীবনে বহু সরকার ও রাষ্ট্রপ্রধানকে দেখেছি। তাদের বহর যাওয়ার সময় আমাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আজ যা দেখলাম, তা কোনোদিন কল্পনাও করিনি। দেশের প্রধানমন্ত্রী আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যেন আমাদেরই পরিবারের কেউ। এই দৃশ্য দেখে মন ভরে গেল।
কারওয়ান বাজারের এক তরুণ ভ্যানচালক রহিম উদ্দিনের ভাষায়, বড় বড় নেতারা তো গাড়ির কাচ নামান না। আর উনি দেশের প্রধানমন্ত্রী হইয়াও আমাগো সাথে হাইটা গেলেন। আমাগো মতো গরিবের দিকে চাইয়া হাত নাড়লেন। এইডাই তো আসল নেতার কাম।
এমন শত শত সাধারণ মানুষের চোখে-মুখের স্বতঃস্ফূর্ত আবেগই বলে দেয়, তারেক রহমানের এই পদযাত্রা সাধারণ নাগরিকের মনস্তত্ত্বে কতটা গভীর রেখাপাত করেছে। এটি ছিল এমন এক অভিজ্ঞতা, যা ঢাকার রাজপথ বহুদিন মনে রাখবে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একজন রাষ্ট্রপ্রধান যখন স্বতঃস্ফূর্তভাবে প্রটোকল একপাশে সরিয়ে রেখে জনগণের ভিড়ে মিশে যান, তা কোনো পূর্বপরিকল্পিত নিরাপত্তা ছকে পড়ে না। এটি মূলত জনতার প্রতি অগাধ বিশ্বাস ও রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তারেক রহমান প্রমাণ করেছেন, বুলেটপ্রুফ গাড়ির কাচের চেয়েও জনগণের ভালোবাসার প্রাচীর অনেক বেশি শক্তিশালী। সূত্র: ইনকিলাব
