আমন সংগ্রহ শুরু ২৪ নভেম্বরধানের দাম ৩৫ টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে আগামী ২৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু করতে যাচ্ছে সরকার। এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। একই সঙ্গে ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল। এবার প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা এবং আতপ চালের মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান ও চাল সংগ্রহের উভয় কার্যক্রমই ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। গতকাল রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এসব তথ্য জানান। সংবাদপড়ুন

সংগ্রহমূল্য পর্যালোচনায় দেখা যায়, গত আমন মৌসুমের তুলনায় এবার ধানের দাম কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। তবে সিদ্ধ ও আতপ চালের সংগ্রহমূল্য কেজিতে এক টাকা করে কমানো হয়েছে। গত বছর প্রতি কেজি ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছিল সরকার। খাদ্যমন্ত্রী জানান, সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্যের মজুত, অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারি মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন আমন মৌসুমের সংগ্রহ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের মূল লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এবারের আমন সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য। সরকারি উদ্যোগে ধান-চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য মজুত শক্তিশালী করা হবে। উল্লেখ্য, গত আমন মৌসুমে সরকার ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল। সে সময় ধান সংগ্রহের মূল্য ছিল প্রতি কেজি ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় কমানো হলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট