আতঙ্ক ছড়াতেই বাসে আগুন, ককটেল বিস্ফোরণ: ডিএমপি

নতুন প্রভাত ডেক্স
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের পেছনে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় একটি নির্দিষ্ট গোষ্ঠী জড়িত বলে দাবি করেছে সংস্থাটি। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মানচিত্রদেখুন

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর বিষয়ে পুলিশের অবস্থান তুলে ধরে আকতার হোসেন বলেন, রাজধানীর প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। ইতিমধ্যে এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিএমপি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অপারেশনাল কার্যক্রম ও বিভিন্ন এলাকায় সদস্য মোতায়েন বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মোবাইল টিম ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

ককটেল তৈরির উপকরণ কোথায় প্রস্তুত করা হচ্ছে এবং কারা এসব সংগ্রহ করছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এর আগেও ককটেল তৈরির উপকরণ ও বিস্ফোরকদ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় দাহ্য পদার্থ সংগ্রহের বিষয়েও নজরদারি করা হচ্ছে জানিয়ে আকতার হোসেন বলেন, পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থান থেকে নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের পদার্থ কারা সংগ্রহ করছে, তা শনাক্ত করতে বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত কয়েক দিনে রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়েও বনানী, মহাখালী ও মিরপুর এলাকায় বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদসতর্কতা
সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট