জিয়ার মুক্তির মধ্য দিয়ে নতুন পথের দিশা পায় জাতি: রিজভী
নতুন প্রভাত ডেক্স:
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে পথের দিশা পায়।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়। এর ফলে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়। পরবর্তী সময়ে একের পর এক রাজনৈতিক সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশে অনিশ্চয়তা তৈরি হয়।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়। এতে দেশের মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন এবং জাতি নতুন করে আশার আলো দেখতে পায় বলে মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় বলে দাবি করেন তিনি।
সূত্র: ইনকিলাব
