মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রকে আইনের আওতায় আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্র এবং অবৈধ অর্থের জোগানদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে মাদক প্রবেশ ও সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। মাদক ব্যাবসার সঙ্গে জড়িত কেউ যেন রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মিনু আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে রাজশাহী ও চট্টগ্রামে দুটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি মাদক ব্যাবসার মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মতবিনিময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ। এছাড়া বিভিন্ন উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা), আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
