জিম্মি সাধারণ মানুষ, সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে পঞ্চম দিনে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিকে সামনে রেখে শুরু হওয়া পোশাক শ্রমিকদের আন্দোলন এখন ব্যাপক অরাজকতায় রূপ নিয়েছে। রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে টানা পঞ্চম দিনের মতো চলা এই আন্দোলন রূপ নিয়েছে চরম সহিংসতায়। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে রাজপথে শুরু হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ। সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির করে দেওয়া এই সংঘটিত নৈপথ্যের অরাজকতার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী, কিছু সুবিধাভোগী গার্মেন্টস মালিক এবং সাবেক প্রতিমন্ত্রীদের ইন্ধন থাকার সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে। শ্রমিক পরিচয়ে বহিরাগতদের এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে একদিকে যেমন শিল্পখাত হুমকির মুখে পড়েছে, অন্যদিকে জিম্মি হয়ে পড়েছে সাধারণ জনজীবন। রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গত কয়েকদিন ধরে চলা এই শ্রমিক অসন্তোষ আজ মঙ্গলবার (৩ নভেম্বর) আরও হিংসাত্মক রূপ ধারণ করেছে। সকাল থেকেই মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় এমআরটি পুলিশ কন্ট্রোল রুম। এর ফলে ওই স্টেশনে কোনো ট্রেন থামেনি এবং যাত্রীদের ওঠানামাও সম্পূর্ণ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।একই চিত্র দেখা গেছে সাভারের আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলেও। সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।অন্যদিকে, গাজীপুরের নাওজোর ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমাল রক্ষায় গাজীপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি এবং ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।গত সোমবারের পরিসংখ্যানে দেখা যায়, এই সহিংসতার জেরে সারা দেশে একযোগে ৬৭০টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ, যার ফলে প্রায় ১৭ লাখ শ্রমিক কোনো কাজ না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন।সরকারের দায়িত্বশীল মন্ত্রী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তারা স্পষ্ট জানিয়েছেন যে, সাধারণ ও নিরপরাধ শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনকে হাইজ্যাক করে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পলাতক নেতাকর্মীরা। রাজপথের এই চলমান অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিছু অতিউৎসাহী গার্মেন্টস মালিক এবং স্বৈরাচারী আমলের প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রীরাও এই অস্থিতিশীলতা তৈরিতে নেপথ্য অর্থায়ন ও মদদ জুগিয়ে যাচ্ছেন।শ্রমিক সংগঠনের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ-সুবিধার দাবি সম্পূর্ণ যৌক্তিক হতে পারে, কিন্তু তার সঙ্গে কারখানা ভাঙচুর, কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলা কোনোভাবেই যুক্ত হতে পারে না। আন্দোলনে বহিরাগত ও তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে বলেই এই শান্তিপূর্ণ আন্দোলন আজ হিংসাত্মক রূপ নিয়েছে বলে তাঁরা অভিমত প্রকাশ করেছেন।শিল্পাঞ্চলগুলোতে লাগাতার ভাঙচুর ও নাশকতার ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও প্রশাসন। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে জানিয়েছেন যে, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও এবং গোয়েন্দা তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নাশকতায় সরাসরি জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।ইতিমধ্যে সহিংসতা ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় পুলিশ বাদী হয়ে একাধিক মামলা দায়ের করেছে। এসব মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের অভিযানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই খাতের ওপর নির্ভরশীল কোটি মানুষের জীবন-জীবিকা। তাই একদিকে যেমন শ্রমিকদের ন্যায্য ও মানবিক দাবিগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা জরুরি, অন্যদিকে তেমনি রাষ্ট্রবিরোধী ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যারা শ্রমিকদের ব্যবহার করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে, তাদের কঠোর হাতে দমন করা সময়ের দাবি। সাধারণ মানুষ ও অর্থনীতি বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সমন্বিত কঠোর পদক্ষেপই এখন একমাত্র ভরসা।
