৩৫ উড়োজাহাজ কিনতে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না: বিমানমন্ত্রী

বোয়িং ও এয়ারবাস থেকে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার  জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় মন্ত্রী এই তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজস্ব আয় থেকেই পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করবে। এক্ষেত্রে সরকার শুধু গ্যারান্টর হিসেবে দায়িত্ব পালন করছে।’কমিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যেসব শূন্য পদ রয়েছে, তা যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত সময়ে পূরণের সুপারিশ করে।সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিগত আট মাসে সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটার উপর প্রতিবেদন প্রদানেরও সুপারিশ করা হয় সভা থেকে। বিদেশের সঙ্গে কোনো চুক্তি হলে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও ওই বৈঠকে জানানো হয়।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সিভিল এভিয়েশন, বিমান ও পর্যটনের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমান বন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে একজন আহ্বায়ক ও চারজন সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব-কমিটি গঠনের প্রস্তাব দেয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন যে সব সংস্থা রয়েছে সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি আবুল কালাম সিদ্দিকী মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্যতাসম্পন্ন জনবলকে সঠিক জায়গায় পদায়নের সুপারিশ করেন।সভায় বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিগত ২০ বছরে জবাবদিহিতার ধারাবাহিকতা বজায় না থাকায় পরিকল্পনাহীনভাবে নানা প্রকল্প নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার যেকোনো ধরনের ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।’ সূত্র: কালবেলা
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট