নগরীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরিফ রহমান সিয়াম (২৪) নামে এক ছাত্রীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সিয়াম বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তিনি বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকার মিন্টু রহমানের ছেলে।
নগর পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে বোয়ালিয়া মডেল থানার ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ঝটিকা মিছিল, প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
