ফুটবল থেকে আয়ের ৯৯ শতাংশ হারিয়েছেন রবার্তো কার্লোস
১৮ কোটি ডলারের বেশি আয় করেছিলেন ব্রাজিল-রিয়াল মাদ্রিদ কিংবদন্তি, হারিয়েছেন প্রায় ৯৯ শতাংশ। ফুটবল ক্যারিয়ারে আয় করা প্রায় পুরো সম্পদই হারিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্তো কার্লোস। পর্তুগালে আয়োজিত ফুটবল সামিটে ৫৩ বছর বয়সী সাবেক এই তারকা জানিয়েছেন, এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে তাঁর উপার্জনের প্রায় ৯৯ শতাংশই চলে গেছে। কার্লোসের খেলোয়াড়ি জীবনের মোট আয় ১৮ কোটি ৩০ লাখ ডলারের বেশি বলে ধারণা করা হয়। তবে সেই বিপুল সম্পদের প্রায় কিছুই এখন তাঁর হাতে নেই বলে জানিয়েছেন তিনি। কার্লোস বলেন, ‘এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে আমি ফুটবল থেকে যা আয় করেছিলাম, তার ৯৯ শতাংশ হারিয়েছি। কিছু মানুষ আমাকে এমন অবস্থায় রেখে গেছে যে আমার হাতে কোনো অর্থই ছিল না।’
ঘটনাটি কীভাবে জানতে পেরেছিলেন, সেটিও জানিয়েছেন সাবেক এই লেফট-ব্যাক। তাঁর ভাষায়, ‘বৃহস্পতিবার রাত ১২টায় ঘুমাতে গিয়েছিলাম। শুক্রবার এমন একগাদা নথি পেলাম, যেগুলো সম্পর্কে আমি কিছুই জানতাম না। তখনই বুঝতে পারি, আমার পুরো জীবনের উপার্জন হারিয়ে গেছে।’ তবে কার্লোস তাঁর অর্থের সঙ্গে কী ঘটেছিল, তা বিস্তারিত জানাননি। সংশ্লিষ্ট এজেন্টের নামও প্রকাশ করেননি। তরুণ ফুটবলারদের নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কার্লোস বলেন, ‘আমি ভুল করেছি। তাই তরুণ খেলোয়াড়দের বলব, একই ভুল যেন তারা না করে।’
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরের সময়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন তিনি। কার্লোস জানান, অবসর নেওয়ার আগেই স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স নিয়েছিলেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছিলেন। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারারে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে চারটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কার্লোস। ২০১০-এর দশকে অবসর নেওয়ার পর বিভিন্ন গণমাধ্যম ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদের অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন। সূত্র: ইনকিলাব
