চারঘাটে ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামে চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট মডেল থানার মোক্তারপুর (পাকিয়ানপাড়া) গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাতেম আলী (৩০)।

জেলা পুলিশ জানায়, চারঘাট মডেল থানার এসআই তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ রাত ২টায় সারদা বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নাওদাড়া গ্রামের গোলাপের চায়ের দোকানের সামনে চারঘাট-বানেশ্বর সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে চারঘাট মডেল থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯ নম্বরের একটি ট্রাক রেখে পালানোর চেষ্টা করেন। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট