স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একটা জাগরণ সৃষ্টি করবে। দল-মত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দেই, অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। মাছে-ভাতে বাংলাদেশের মানুষ, নদীমাতৃক দেশ। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবো। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য রেখেই আমরা কাজগুলো অব্যাহত রেখেছি। শুক্রবার লক্ষ্মীপুর রহমতখালী খালে পোনা অবমুক্তরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে বৃক্ষরোপণ অভিযান, সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন আমরা হাতে নিয়েছি। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। মৎস্য অবমুক্তকরণও আমাদের কর্মসূচির আওতায় রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় তীক্ষ্ম দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব।তিনি আরও বলেন, আমরা গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দিচ্ছি। সামাজিকভাবে আমরা নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। পাশাপাশি সবকিছুর সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। রহমতখালী খাল লক্ষ্মীপুরের প্রাণ। ইতিমধ্যে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ আমরা অব্যাহত রেখেছি। প্রচুর কচুরিপানা ছিল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। পানি যথেষ্ট প্রবাহ রয়েছে। আজ মাছ অবমুক্ত করা হয়েছে। সবাই মিলে আমরা সামাজিক এ উদ্যোগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সূত্র:
